নাটোরের সিংড়ায় বিএনপির জনসভা মঞ্চে পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অবেশেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। ওই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
শনিবার (৭ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়েছে।
এতে বলা হয়, গত শুক্রবার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এনিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।
যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে বিবেচিত হয়। আপনাদের এমন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্ব শরীরে হাজির হয়ে বা লিখিত ভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
অপরদিকে সিংড়া উপজেলা বিএনপির স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডা. ফারজানা রহমান দৃষ্টি বিএনপির কোনো আমন্ত্রিত অতিথি ছিলেন না। তিনি সবার অজান্তে মঞ্চে উঠে পিছনের একটি চেয়ারে বসে পড়েন। পড়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com