রবিউল আলম, ইবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিকৃত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ ডিসেম্বর।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাবেক উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং আন্তর্জাতিক খ্যাত পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. মোঃ শমশের আলী।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদযাপন কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ‘দৈনিক আজকালের খবর’ ক্যাম্পাস প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
উদযাপন কমিটি সূত্রে জানা যায়, ২০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদযাপন কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ‘কোড অব কন্ডাক্ট’ (বিশ্ববিদ্যালয়ের বিধিমালা সম্পর্কে সচেতন করবে), নোট প্যাড, কলম ও শুভেচ্ছা বার্তা সম্বলিত প্যাকেজ।
এ বিষয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আমাদের পরিকল্পনায় দু'জন আলোচকের নাম- ড. সলিমুল্লাহ খান ও ড. শমশের আলী থাকলেও আমরা উপযুক্ত সময়ে ড. শমশের আলীকে পেয়েছি। ওনি গবেষক, ইসলামিস্ট ও পরমাণু বিজ্ঞানী। আশা করি শিক্ষার্থীরা উপভোগ করতে পারবে। সেইভাবে আমাদের কার্যক্রম গোছানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশিষ্ট লেখক সলিমুল্লাহ খানকে আনার চেষ্টা করেছি। সিডিউল পাওয়া যায়নি। পরবর্তীতে উনাকে এনে বড় পরিসরে বুদ্ধিবৃত্তিক কর্মশালা করা হবে।
উল্লেখ্য গত ২ নভেম্বর বিভাগীয় ওরিয়েন্টেশন ক্লাস শুরুর মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com