রবিউল আলম, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পানির ট্যাপ চুরি করতে এসে দুই চোরকে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে হাতেনাতে ধরা হয়, চোরের সহযোগী অপরজনকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার থেকে ধরে পুলিশে সোপর্দ করেন নিরাপত্তা কর্মকর্তারা।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় পানির ট্যাপ চুরি করা অবস্থায় ধরা পড়ে চোর। পরে তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আটক হওয়া দু’জন হলেন- কুষ্টিয়া সদরের কমলাপুর এলাকার মো. গিয়াস আলীর ছেলে হায়দার আলী (২৭) ও একই উপজেলার চৌড়হাস এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে নাহিদ হাসান ধ্রুব (২৫)। ৩৮০ ও ৪১১ ধারায় মামলা (১৭ নং) এজাহার হয়েছে বলে থানা সূত্রে জানিয়েছে।
জানা যায়, বেলা একটার দিকে চোর হায়দার আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ওয়াশরুমের পানির ট্যাপ খুলছিল। সেসময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড তাকে দেখে হাতেনাতে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। তার সাথে থাকা ব্যাগে একটি পানির ট্যাপ ও একটা ট্যাপের ঢাকনা পাওয়া যায়। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী ও সাংবাদিকদের সহযোগিতায় শেখপাড়া বাজারে অবস্থানরত চোরের সহযোগীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে নিরাপত্তা কর্মকর্তারা। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তাদেরকে ইবি থানায় পুলিশে সোপর্দ করা হয়। সন্ধ্যায় মামলা এজাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফকরুল ইসলাম বলেন, মামলার এজহার হয়েছে। আগামীকাল (২৫ নভেম্বর) তাদের কোর্টে চালান দিবেন। তবে ২ জনের মধ্যে যার সরাসরি সংশ্লিষ্টতা নেই তার ব্যাপারে পুলিশ আরও তদন্ত করে যদি পুরোপুরি চোরের আলামত পেয়ে থাকে তাহলে চালান দিবেন।
ইবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) থাকা মোঃ রাকিবুল হাসান, কয়েকদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে থেকে পানির ট্যাপ, পিতল, গ্রিল ইত্যাদি চুরি ঘটনা ঘটছে বলে জানতে পারি। আজকে চোরদের হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। কাল আরও তদন্ত করে চালান দিয়ে দেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com