পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি
অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ বলেন, এ দেশে যারা ইসলামী আন্দোলন করে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা যদি আল্লাহর রাসূলের মত শ্রমজীবী মানুষদেরকে ভালোবাসে। শ্রমজীবী মানুষদের সুখে দুঃখে পাশে দাঁড়ায়, তাহলে এ দেশের শ্রমজীবী মানুষ জামায়াতে ইসলামী ছাড়া আর কাউকে ভোট দিবে না।
তিনি বলেন, শ্রমজীবী মানুষকে ভালোবাসলে তারা আপনাদের মিছিলের সামনে থেকে ইসলামের জন্য জীবন বিলিয়ে দেবে। শ্রমজীবী মানুষ ইসলামী আন্দোলনের পক্ষে ভূমিকা নিলে এদেশে ইসলামকে কেউ আর ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দকে শ্রমজীবী মানুষকে বেশি বেশি ভালোবাসার জন্য আহ্বান জানান। এবং রাসুলে করীম সাঃ এর জীবন থেকে শ্রমজীবী মানুষের প্রতি তাঁর যে মমতা বোধ, তাদের প্রতি যে দরদী মন বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে তা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ এসব কথা বলেন।
শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শহরস্থ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে সকাল ৯ টায় সম্মেলন শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমান। এছাড়াও জেলা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উদ্যোদেষ্টা মন্ডলী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক কবির আহমেদ। কবির আহমেদে বলেন, এদেশে শ্রমিকদেরকে মূল্যায়ন করা হয় না। অথচ ইউরোপ আমেরিকায় শ্রমিকদেরকে যথাযথ মূল্যায়ন করার ফলে তারা পৃথিবীতে অগ্রগতি অর্জন করেছে।
মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার পর থেকে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু সাধারণ শ্রমিক শ্রেণি মানুষের ভাগ্যের কোন বদল হয়নি। একদল লুটেরা দেশটাকে লুটে পুটে খেয়েছে। আজ সময় এসেছে নীতি-নৈতিকতা সম্পন্ন ইসলামী আদর্শের সরকার গঠনের মাধ্যমে এদেশের মেহনতী মানুষের ভাগ্য বদল করার সিদ্ধান্ত নেয়ার।
সম্মেলনে মাওঃ ছিদ্দিকুল ইসলাম খন্দকারকে সভাপতি ও মো. শাহ জামাল জমাদ্দারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে "সুরের ছোঁয়া শিল্পীগোষ্ঠী" সংগীত পরিবেশন করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com