রবিউল আলম, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামীকাল থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) নবীন শিক্ষার্থীদের। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় বিভাগের পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা যায়। তবে অনেকের প্রশ্ন- কেন্দ্রীয় নবীন বরণ কবে হতে যাচ্ছে।
শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নবীন শিক্ষার্থীদের নিয়ে হাতে নেওয়া পরিকল্পনা জানিয়েছেন ক্যাম্পাস প্রতিনিধিকে। শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আগামীকাল থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে ঘুরাফেরা করবে সেই প্রত্যাশা রাখি। অনেক সময় পরিচয় পর্ব নামে হয়রানি বা র্যাগিং করা হয়, সেই কালচার যেন এই ক্যাম্পাসে স্থান না পায়; তজ্জন্যে বর্তমান শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। একজন শিক্ষার্থী ১০-১২ বছর পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয় নামক মেধাবীদের পীঠস্থানে তারা চান্স পেয়েছে। প্রথম দিকে হয়রানি করলে শেষ পর্যন্ত মেধা বিকাশ ও অন্যান্য কালচারাল প্রতিভা বিকশিত হবে না। আমার পরিকল্পনা আছে- সকল ডিপার্টমেন্টের ক্লাস প্রতিনিধিদের (সিআর) সাথে বসে শিগগিরই একটা সচেতনমূলক প্রোগ্রামের আয়োজন করব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আগামীকাল বিভাগীয় নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বরণ করে নিচ্ছেন। কেন্দ্রীয় নবীন বরণ উপলক্ষ্যে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে, সব ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সাপ্তাহে নবীনদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিব। কমিটির কাজ শেষের দিকে, এখন ভিসি স্যারের লিখিত অনুমোদনের প্রয়োজন।
সময় নেওয়ার প্রয়োজনতা সম্পর্কে তিনি জানান, উপাচার্য মহোদয় দেশের বাহিরে যাচ্ছেন এবং একজন মোটিভেশনাল স্পিকার নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে। আমরা বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খানকে প্রস্তাব করেছি। আরও কয়েকজনের নামও তালিকায় রয়েছে। ইতোমধ্যে যোগাযোগ করা হচ্ছে। টাইম সিডিউল পেলেই তারিখ ঘোষণা করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com