ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীদের হলের যাবতীয় সমস্যা সমাধানের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন হলটির হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী। এসময়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা হলকে অন্যান্য হলের মডেল হল হিসেবে পরিণত করার আহ্বান জানান তিনি।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় হলটির টিভির রুমে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা হলের যাবতীয় সমস্যা তুলে ধরেন। তন্মধ্যে সিট সংকট, সুপেয় পানির ব্যবস্থা, ওয়াইফাই ইন্টারনেটের ধীরগতি, ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন-সহ সান্ধ্য আইন বাতিল ওঠে এসেছেন।
হলের যৌক্তিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে এক আবাসিক শিক্ষার্থী জানায়, আমাদের এই বৈষম্য আন্দোলনের উদ্দেশ্যই ছিলো দেশ থেকে বৈষম্য দূর করা সেই প্রেক্ষিতে আমরা চাই হলেও প্রতিটা সেক্টরে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর হোক।
আরেক শিক্ষার্থী জানায়, জুনিয়ররা সিঙ্গেল সিটে অবস্থান করছে এবং সিনিয়ররা ডাবলিং করে আসছে, এটা দেখতে অনেকটা দৃষ্টিকটু। তাছাড়া হলের সান্ধ্য-আইন বাতিলেরও দাবি জানায় তিনি। অন্তত সান্ধ্য আইন বাতিল না করতে পারলেও হলে প্রবেশের নিয়মের বিষয়ে কিছুটা শিথিলতার দাবিও করেন তিনি।
এসময়ে শিক্ষার্থীরা আরো জানায়, রেফারেন্সের মাধ্যমে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করছে। রেফারেন্সের সিটগুলো বাতিলের সিদ্ধান্ত নিলে অনেকাংশে সিট ক্রাইসিস দূর করা সম্ভব। এছাড়া হলে যথাযথ পরিচ্ছন্নতা বৃদ্ধি, সৌন্দর্য্য বৃদ্ধি সাধনের পাশাপাশি হলের লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করা।
হলটির হাউস টিউটর অধ্যাপক খন্দকর আরিফা আক্তার বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতোই। তারা যেভাবে ভালো থাকবে সেভাবেই আমরা কাজ করার চেষ্টা করবো। ইতোমধ্যেই হল কর্তৃপক্ষ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছে। আমরা চাই পরবর্তীতেও সকল সমস্যা সমাধান করার। তবে সব কিছুর জন্যই নির্দিষ্ট সময় প্রয়োজন।
সান্ধ্য আইন বাতিলের বিষয়ে হলটির প্রভোস্ট বলেন, আমাদের হল কর্তৃপক্ষের কাছে সান্ধ্য আইন বাতিলের এখতিয়ার নেই বরং এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি বিধান বা নিয়ম। তবে কোন শিক্ষার্থী যদি যৌক্তিক সমস্যা বা দরকার দেখিয়ে আমাদের থেকে অনুমতি নিতে পারে তবে তার বিষয়টি আমরা অবশ্যই বিবেচনা করে দেখবো।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেসব সমস্যা আছে তা অতিদ্রুত সমাধান করার চেষ্টা করবো। তাছাড়া কোন প্রকার সিট রেফারেন্সের জায়গা আমার কাছে প্রাধান্য পাবে না। নতুন নিয়োগপ্রাপ্ত প্রভোস্টের মধ্যে আমার হলেই প্রথম যে ইন্টারনেটের গতি বৃদ্ধি নিয়ে কাজ শুরু করেছি। এছাড়া হলে নিয়মিত একজন নারী চিকিৎসক নিয়োজিতের বিষয়ে ইতোমধ্যে প্রশাসনের সাথে আলোচনা করা হয়েছে অতিদ্রুতই তা বাস্তবায়নও করা হবে।
এছাড়া হল প্রভোস্ট আরো বলেন, ইবিতে শেখ হাসিনা হল হবে অন্যান্য হলের মডেল হল, সে বিষয়ে কাজ করবো আমরা। এজন্য হলের শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সহযোগিতাও কামনা করেন তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com