সুমন,স্টাফ রিপোর্টার: “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” উপলক্ষ্যে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের ৩য় দিনে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন নদীসমূহে টহল কার্যক্রম চলমান রয়েছে ।জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।
এছাড়াও, পার্শ্ববর্তী দেশের মাছ ধরা ট্রলার যাতে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ডের টহলরত জাহাজ সর্বদা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর দ্বায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পশ্চিম জোনের টহল সার্বক্ষণিক অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com