রাজেশ গৌড়,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ চত্বরের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে এ মানববন্ধন হয়৷
এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষক আজিজুর রহমান রাসেল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক জিন্নাতুল ইসলাম, মো. হাবিব উল্লাহ্, শহিদুল ইসলাম, জুলেখা আক্তার, প্রধান শিক্ষক আতাউর রহমান খান, মো. আব্দুল বারেক, মো. বদরুল ইসলাম, মো. ফজলুল হক, মো. ইয়াকুব আলী নওয়াব, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে জাতীয় করণ ছাড়া কোন উপায় নাই। দেশের ৯৩% মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা বেসরকারি পর্যায়ে রয়েছে। দেশের রাষ্ট্রিয় সকল উন্নয়ন কাজে মাধ্যমিক শিক্ষকগণ ব্যাপক ভুমিকা রেখে চলেছেন। আমরা বিভিন্ন দলীয় সরকারের আমলে জাতীয়করণ এর দাবী জানালে সবাই আশ্বাস দিয়েও তা পূরণ করেননি। আমরা আর বৈষম্যের স্বীকার হতে চাইনা। খোজ নিয়ে দেখেন মাধ্যমিক শিক্ষকগণ কোন উৎসব পালন করতে পারেনা। আমাদের দাবী নিয়ে খেলা করুক তা আর চাই না। দেশের এখন নির্দলীয় সরকার রয়েছে, শিক্ষকদের প্রানের দাবী গুলো বিবেচনা করে জাতীয় করণ করা হউক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com