ভারতের বর্ষিয়ান বামপন্থী নেতা ও সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
খবরে বলা হয়েছে, গত মাসে (১৯ আগস্ট) ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয় প্রবীণ এই রাজনীতিককে। ভর্তির পরই আইসিইউয়ে নেয়া হয় তাকে। গত সোমবার (৯ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
এনডিটিভির প্রতিবেদন মতে, এইমস হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েচুরি বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে মারা যান। পরিবার শিক্ষা ও গবেষণার উদ্দেশে তার দেহ এইমস-এ দান করেছে।
ইয়েচুরির দেহ আগামী দুই দিনের জন্য এইমস-এ থাকবে এবং তারপরে সিপিআইএম সদর দফতর একেজি ভবনে নেয়া হবে। যাতে ভক্তরা ও দলের নেতাকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন। এরপর তার মরদেহ আবার এইমস-এ নেয়া হবে।
১৯৫২ সালে তামিল নাড়ুর চেন্নাইয়ে (তৎকালে মাদ্রাজ) এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন সীতারাম ইয়েচুরি। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি।
ছাত্রজীবনেই বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন ইয়েচুরি। তিনবার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৭৫ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন তিনি।
২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন সীতারাম। গত ৯ বছর ধরে সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।
ইয়েচুরির প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সীতারাম ইয়েচুরির প্রয়াণের খবরে আমি শোকাহত। তার মৃত্যু জাতীয় রাজনীতির জন্য এক অপূরনীয় ক্ষতি। তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।’
শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। তিনি বলেছেন, ‘সীতারামজি বন্ধু ছিলেন। তার সঙ্গে দীর্ঘ আলোচনার কথা খুব মনে পড়বে।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com