মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা নদীর পানি কমার সাথে সাথেই সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন, প্রতিদিন বিলীন হচ্ছে ঘড়-বাড়ি, বসত-ভিটা ফসলি জমিসহ ধর্মীয় ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
উপজেলার কৈজুরী ইউনিয়ন হাটপাচিঁল, জালালপুর ইউনিয়নের পাকড়তলা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক আকার ধারণ করেছে যমুনা নদী ভাঙন।
শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাঁট পাচিল গ্রামে নিজের দোতলা বিল্ডিং চোখের সামনে নদীতে বিলীন হতে দেখেছেন কোবাদ মাস্টার। তিনি বলেন, ‘নদীতে পানি বৃদ্ধি ও কমার সময় তীব্র ভাঙন দেখা দেয়। আমার একটি দোতলা বাড়ি এবং পাশেই বিশাল গরুর খামার নদীগর্ভে চলে গেছে। ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছেন ইউএনও। আমাদের এলাকাবাসী কোনো ত্রাণ চায় না, এক বান্ডিল টিনও চায় না। তারা চায় দ্রুত নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক।’
কৈজুড়ী ইউনিয়নের পাচিল এলাকার মাসুদ রানা বলেন, ‘অনেক কষ্ট লাগে। নানা বাড়ির গ্রামটা চোখের সামনে শেষ হয়ে গেলো। এই হাটপাঁচিল গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। এই গ্রামে আমার অনেক স্মৃতি আছে। আজ যমুনা নদীতে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। নদীর পাড় নয়, বুকের এক একটা করে পাঁজর ভাঙছে। ভাঙনে নিঃস্ব হচ্ছে নদীপাড়ের মানুষ।’
উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন বলেন, ‘এবারের বন্যায় হাঁট পাচিলে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে কোবাদ মাস্টারের একটি দোতলা বাড়ি এবং পাশেই বিশাল গরুর খামার নদীগর্ভে চলে গেছে। ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন ইউএনও।’
শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের পাকড়তলা গ্রামের ক্ষতিগ্রস্ত কালাম শেখ বলেন, ‘সিরাজগঞ্জ পাউবোর ১৪ জন ঠিকাদার সমন্বিতভাবে যদি নির্ধারিত সময়ের মধ্যে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ শেষ করতেন, তাহলে বর্ষায় আমাদের ৫ শতাধিক ঘর নদীতে বিলীন হতো না। অনেক মানুষ অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন। বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে চলে যাওয়ায় তারা এখন ভূমিহীন। কেউ তাদের পাশে দাঁড়ায়নি।’
শাহজাদপুর উপজেলার এনায়েতপুর গ্রামের জুবায়ের হোসেন বলেন, ‘খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহজাদপুর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের পাচিল পর্যন্ত নদীতীর রক্ষার কাজ চলছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজ হয়েছে ধীরগতিতে। মেয়াদ শেষ হলে কাজ শেষ হয়নি। যে কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে।’
ভাঙনে ভিটামাটি হারানো কুলসুম বেগম বলেন, ‘নদীভাঙন অব্যাহত রয়েছে। নদী সবকিছু কেড়ে নিয়ে আমাদের সর্বস্বান্ত করে দিয়েছে। গৃহহারা হয়েছে অনেক পরিবার। খেয়ে না খেয়ে কোনো রকমে জীবন পার করছি। কেউ সাহায্য করতে এলো না। আমরা মরে গেলে কী কারো কিছু হবে?’
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ‘বছরের পর বছর ধরে এ অঞ্চলে ভাঙন চলে আসছে। এক মাসে এ এলাকার প্রায় ২০০ বসতভিটা ও ৩০০ একর ফসলি জমি বিলীন হয়েছে। যমুনায় ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। ভাঙন শুরু হয়েছে পার্শ্ববর্তী কৈজুরী ইউনিয়নের হাঁটপাচিল গ্রামেও। মানুষ নিঃস্ব হচ্ছে। ভাঙনরোধে বাঁধ নির্মাণ প্রকল্প দিলেও তিন বছরেও তা শেষ হয়নি। ফলে কিছুতেই ভাঙন মুক্ত হচ্ছে না এ অঞ্চলের বাসিন্দারা।’
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘জালালপুর ও কৈজুরী ইউনিয়নের হাঁটপাচিল এলাকায় ভাঙন দেখা দিলে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি এলাকায় চলতি বন্যায় অন্তত ৪৫ থেকে ৫০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন কবলিতদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সহযোগিতা করা হবে।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com