সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আকতারুল ইসলাম বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন।
এ ছাড়া মিরপুর ডিওএইচএসে বাড়ি, ঢাকার নিকুঞ্জ-১-এর ৬ নম্বর রোডে ‘আজিজ রেসিডেন্স’ নামের বাড়ি আছে। তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি কিনেছেন। এ ছাড়াও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য দুদকের গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
উল্লেখ্য, তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২১ সালের জুনে অবসরে যান জেনারেল আজিজ আহমেদ। এর আগে চার বছর তিনি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) প্রধান ছিলেন। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত বছর আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com