ইবি প্রতিনিধি: সকল প্রকার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ সকল প্রকার কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচি অনুযায়ী খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এদিকে ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখতে একই সময়ে ইবি শাখা ছাত্রলীগের সমাবেশ কর্মসূচি পালন করেছেন সংগঠনটি।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জড়ো হয়ে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ফটক খুলে পুলিশি বাধা অতিক্রম করে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া বাজার প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। প্রায় ঘণ্টাখানিক সড়ক অবরোধের পর পুনরায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে অবস্থান করে কোটা বিরোধীরা।
কোটাবিরোধীদের মহাসড়কে অবস্থানের এক পর্যায়ে শাখা ছাত্রলীগের পূর্বঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা; জনদূর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ; অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ভিতরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করেন।
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক জানান, যেহেতু আদালত থেকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, সেহেতু রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার যৌক্তিকতা দেখি না। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কঠোর নজরদারি রাখছি। রাস্তায় যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই আমরা সতর্ক অবস্থানে আছি।
এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে যারা একশন নিচ্ছে, তারা সাধারণ শিক্ষার্থী কিনা সন্দেহ। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ সংবেদনশীল। তবে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হলে সাথে সাথে প্রতিহত করতে প্রস্তুত।
আন্দোলনের শেষ পর্যায়ে মুজিব ম্যুরাল প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজনে প্রতিবাদ করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।
এসময় কোটা বিরোধী আন্দোলনকারীর ইবি শাখার সমন্বয়ক সুইট বলেন, এক দফা এক দাবিতে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে। ইতোমধ্যে যারা আদালতে গিয়ে মীমাংসার কথা বলতেছে তারা আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com