আদালত অবমাননার অভিযোগে সাংবাদিক কনক সারোয়ার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২১ জুলাই হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সে পর্যন্ত আইনজীবী মহসীন রশিদ সুপ্রিম কোর্টের কোনো আইন পেশা পরিচালনা করতে পারবেন না।
টকশোতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদের বিরুদ্ধে গত ২৬ জুন আদালত অবমাননার আবেদন করেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এই আবেদনে শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের আগে বিচার (এজলাশ) কক্ষের ডিজিটাল স্ক্রিনে কনক সরোয়ারের ওই টকশো’র কিছু অংশ প্রদর্শন করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। এ আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, ‘তলবের পাশাপাশি সর্বোচ্চ আদালত অবমাননাকর বক্তব্যের টকশোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন।
’
একাত্তরে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন আল-বদর বাহিনীর হয়ে বুদ্ধিজীবী হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে চৌধুরী মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২০১৯ সালে মুঈনুদ্দীনের ফৌজদারি অপরাধের বিবরণসহ একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সেই প্রতিবেদন তখনকার টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে শেয়ার করেন।
তবে নিজেকে নির্দোষ দাবি করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা করেন মুঈনুদ্দীন।
মানহানির জন্য ৬০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ চাওয়া হয় এ মামলায়। কিন্তু দেশটির হাইকোর্ট সেই মামলা বাতিল করে দিয়েছিলেন। এ বাতিল আদেশের বিরুদ্ধে মুঈনুদ্দীনের আপিল গ্রহণ করে গত ২০ জুন রায় দেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট (প্রধান বিচারপতি) লর্ড রিড রায়ে বলেন, ‘আদালতের কার্যপ্রণালীর অপব্যবহারের কারণ দেখিয়ে মুঈনুদ্দীনের মামলা খারিজ করে হাইকোর্টের দেওয়া সিদ্ধান্ত বাতিল করা হলো। একই সঙ্গে মুঈনুদ্দীন যে অভিযোগ নিয়ে আদালতে এসেছেন, তার বিচার চলবে।
রায়ের অনুলিপি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। তাতে মামলার পূর্বাপর বর্ণনা রয়েছে। মুঈনদ্দীন ১৯৭৩ সাল থেকে যুক্তরাজ্যে পালিয়ে আছেন।
এ রায়ের পর গত ২১ জুন সাংবাদিক কনক সারোয়ার তার অনলাইন টিভিতে টকশো করেন। সে টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। টকশোর আলোচনায় সঞ্চালক এবং অতিথি দুজনই বাংলাদেশের বিচার প্রক্রিয়া এবং বিচার বিভাগ নিয়ে অবমাননাকর, মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ আবেদনকারীর।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com