তাওহীদুল ইসলাম, সিলেট থেকে: সিলেট বিভাগ ছাড়া সারাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো ১১ আগষ্টের পরে নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (৩০ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
তপন কুমার সরকার বলেন, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর থেকে শুরু হবে।
এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।
এতে জানানো হয়, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com