সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কটি খানাখন্দে জন ভোগান্তির ষোল কলা পূর্ণ করেছে । মহাসড়কের ছোট বড় গর্ত গুলো যেন এক একটা মরণ ফাঁদ। কিশোরগঞ্জে বড় বড় নেতা, রাস্তায় বড় বড় গাতা (গর্ত) ,কথাটি এখন জনগণের মুখে মুখে। ভৈরব থেকে কিশোরগঞ্জে ৬০ কিলোমিটারের মধ্যে প্রায় ১৫ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।
সরেজমিনে দেখা যায় , মহাসড়কটি দিয়ে প্রতিদিন ঢাকা , সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, নরসিংদী, কক্সবাজার সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। অথচ গুরত্বপূর্ণ এ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে খানাখন্দ। গর্তে পড়ে গাড়ি উল্টে যাচ্ছে হর হামেশা। । প্রায় প্রতিদিনই এ সড়কে দুর্ঘটনা ঘটছে। বড় হচ্ছে মৃত্যুর মিছিল। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায় এ সড়কে চলাচল করতে গিয়ে গত ১২ মাসে শতাধিক দুর্ঘটনা ঘটছে। এ সব দুর্ঘটনায় ৩০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।
কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে পিরোজপুর বাজার পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। বিটুমিন, পিচঢালাই ওঠে গিয়েছে। কোথাও কোথাও সড়ক ফুলে ফেঁপে উঠেছে। কোন কোন অংশে দেবে গিয়ে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল উপযোগী করতে কোথাও কোথাও ইটের জোড়াতালি দিয়ে চলছে সংস্কার কাজ। স্থানীয়রা এটাকে লিপস্টিক মার্কা সংস্কার বলছেন। তাদের দাবি সড়কটি নতুন করে করা হউক।
জুয়েল মিয়া নামে এক ড্রাইভার জানান, এ রাস্তা দিয়ে একবার গেলে আরেকবার আসতে মন চায় না। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই।
ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কটির ১৫ কিলোমিটারে বেশি সড়ক খানাখন্দে ভয়ংকর অবস্থায় থাকলেও স ও জ(কিশোরগঞ্জ) কর্তৃপক্ষের দাবি মাত্র সাত কিলোমিটার সড়ক খুবই ক্ষতিগ্রস্ত। মহা সড়কের বেহালদশা ও জনদুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, কিশোরগঞ্জ-ভৈরব সড়কপথটির কটিয়াদী পৌর সদর থেকে বাজিতপুর উপজেলার পিরিজপুর পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রায় সাত কিলোমিটার অংশ রয়েছে, সেটুকু মেরামত করার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতোমধ্যেই কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে বলে আশা করছি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com