শিক্ষক ও সহপাঠীকে দায়ি করে আত্মহনন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার এলএলবি (স্নাতক) অষ্টম সেমিস্টারের ফলাফল বেরিয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নোটিশ বোর্ডে অষ্টম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়।
ফল থেকে জানা যায়, শেষ সেমিস্টারে ৩ দশমিক ৬৫ পেয়ে তিনি তার ব্যাচে তৃতীয় হয়ে স্নাতক সম্পন্ন করেছেন। আর অভিযুক্ত শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী আম্মান পেয়েছেন সিজিপিএ ৩ দশমিক ৯।
ফল থেকে আরও জানা যায়, অষ্টম সেমিস্টারে মোট সিজিপিএ ৩ দশমিক ৭৩ পেয়েছেন তিনি। তার মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে তিনি পেয়েছেন ৩.৭৫; ল অব ক্রিমিনাল প্রোসিডিউরে পেয়েছেন ৩.৫০; কনভিয়েন্সিং ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.৫০; লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫; লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৪.০০; ও মৌখিক পরীক্ষায় পেয়েছেন ৪.০০।
পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, ‘অবন্তিকাকে সবসময়ই ভালো ফলাফল করতে দেখেছি। অবন্তিকা বরাবরই ভালো ছাত্রী। এবারও পরীক্ষায় তিনি ভালো ফলাফল করেছে।’
এর আগে গত ১৬ মার্চ শিক্ষক-সহপাঠীকে দায়ি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা আত্মহত্যা করেন। পরবর্তীতে ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আলটিমেটামের মধ্যেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করে পুলিশ। ওদিন রাতে ঢাকা মহানগর লালবাগ বিভাগের কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। এরপর গত ৮ মে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান শিক্ষক দ্বীন ইসলাম।
এ দিকে, জবির চলচ্চিত্র ও দূরদর্শন বিভাগের শিক্ষার্থী কাজী ফারজানা মীমের অষ্টম সেমিস্টারের পরীক্ষা আজ রোববার শুরু হয়েছে। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হোসেন জানান, আজকে থেকে ইম্প্রুভমেন্ট পরীক্ষা নেয়া শুরু হয়েছে। আগামী ২৩ ও ২৭ তারিখ তার আরও দুটি পরীক্ষা রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com