ঢাকার অলিগলি থেকে মহাসড়ক সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। বিপজ্জনক এ বাহন বার বার বন্ধের কথা বলা হলেও কিছুতেই যেনো কিছু হচ্ছে না। তবে এবার শুধু নির্দেশনা না দিয়ে এসব রিকশা বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীর বিআরটিএ সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের প্রথম সভায় সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দেন।
ওবায়দুল কাদের বলেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি (তিন চাকার) যেন ঢাকা সিটিতে না চলে। আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞা নয়, চলতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে।
সভায় এসব ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে কথা বলেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম।
অনেকটা ক্ষোভ জানিয়ে মেয়র তাপস বলেন, ভয়াবহ ব্যাপার যখন রিকশাচালকরা দুই পা ওপরে উঠিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। অনেক প্রতিবন্ধী আছেন যারা চোখে কিছুটা কম দেখেন তারাও এই রিকশা নিয়ে নেমে পড়েন।
পরে আতিকুল ইসলাম বলেন, সিদ্ধান্তে আসা দরকার যে ঢাকায় ইজি বা অটোরিকশা চলবে না। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় আরও উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের চেয়ারম্যান আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com