পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় মোকছেদ আলী নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারাজ সংলগ্ন ময়নারচর ভুট্টা খেতের একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোকছেদ আলী উপজেলার গড্ডিমারী ইউনিয়নের১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের মৃত আব্দুল হক মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামিদা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয় আওয়ামীলীগ নেতা মোকছেদ আলী। স্ত্রী অন্য পক্ষের চেয়ারম্যান পদে নির্বাচনে সমর্থন দেওয়ায় স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে। তার স্ত্রী গড্ডিমারী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হামিদা।
এ বিষয়ে গড্ডিমারী ইউপি সদস্য জাকির হোসেন বলেন, দুপুরে গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারাজ সংলগ্ন ময়নার চর এলাকার একটি ভুট্টা ক্ষেতে এক কৃষক পানি দিচ্ছিলেন। তিনি ভুট্টা ক্ষেতের পাশের একটি গাছে মোকছেদ আলীর মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে তিস্তা ব্যারাজ দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তা সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি। এছাড়া এখন কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)নির্মল মোহন্ত বলেন, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com