কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে যানজট নিরসনে অটোরিক্সা চালকদের বিভিন্ন দিক দিকনির্দেশনা দিয়েছেন নবগঠিত রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।চলমান এসএসসি পরীক্ষার্থীরা যাতে যানজটমুক্তভাবে পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন সেজন্য রবিবার সকালে বটতলা মোড়ে যানজট নিরসনে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সক্রীয় ভূমিকা পালন করেন।
সদর বাজারের বটতলা,তালতলা সহ বিভিন্ন মোড়ে রাস্তায় অবৈধ দোকান ও গাড়ি পার্কিং এর ফলে যানজটের সৃষ্টি হয়।যানজটের কারণে পথচারী ও স্কুলগ্রামী ছাত্রছাত্রীরা সময় মত স্কুল ও কলেজে যেতে পারছেন না। অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ সকল সমস্যা দূর করতে নবগঠিত রিক্সা ও ইজিবাইক শ্রমিক নেতৃবৃন্দ কার্যকরী ভূমিকা পালন করছেন।
এ সময় নাগরপুর উপজেলা নবগঠিত রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রাসেল খান বলেন, নাগরপুর ও দেলদুয়ারের গনমানুষের নেতা মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ভাইয়ের নির্দেশে এসএসসি পরীক্ষার্থীরা যেন রাস্তায় যানজটের কবলে না পড়েন সেজন্য আমরা সংগঠনের নেতৃবৃন্দ সবাই যানজট নিরসনে সদা তৎপর আছি। যত্রতত্র গাড়ি পার্কিং ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পণ্য উঠানো নামানো বন্ধ করতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া যানজট নিরসনে অটোরিক্সা চালকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনগনের সার্বিক সহযোগিতায় নাগরপুর বাজার যানজটমুক্ত করতে আমরা সচেষ্ট আছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, সহ সভাপতি বীক্রম ঘোষ, সিদ্দিক, মোবারক হোসেন মুবা,রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com