একের পর একের চমক দেখাচ্ছে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান মুসলিম লীগের হাড্ডাহাড্ডি লড়াই হলেও এগিয়ে রয়েছে ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীরা।
তবে ইতিমধ্যে জানা গেছে যে এমন পরিস্থিতিতে জোট সরকার গড়তে ঐকমত্যে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আর সেই লক্ষ্যে শুক্রবার রাতে লাহোরে বৈঠক ও করেছে দুই দল।
বৈঠকে পিপিপি এবং পিএমএল-এন দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
এমন অবস্থায় এবার নড়েচড়ে বসেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পিটিআই এর বিপুল সংখ্যক অনুমোদিত স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ের পরে এবার রাজনৈতিক অন্যান্য দলগুলোর সাথে জোট গঠনের বিষয়ে আলোচনা করতে একটি বৈঠকের আহ্বান করেছে দলটি।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহার খান, আসাদ কায়সার, আলী মুহাম্মদ খান এবং অন্যান্যরা এই বৈঠকে যোগ দেবেন যেখানে নতুন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠন নিয়ে আলোচনা করা হবে।
তবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে জোট গঠন করবে না পিটিআই।
ব্যারিস্টার গোহার আলী খান বলেন, "আমরা পিপিপি এবং পিএমএল-এনের সাথে জোট সরকার গঠন করতে চাই না। আমরা কেন্দ্র এবং পাঞ্জাবে সরকার গঠন করব।"
তিনি বলেন, ‘খাইবার পাখতুনখোয়ায় পিটিআই-এর স্পষ্ট নেতৃত্ব রয়েছে এবং সেখানেও সরকার গঠন করব। পিটিআই এবার সংসদে থাকবে এবং তার ভূমিকা পালন করবে।‘
এ সময় তিনি দাবি করেন যে, ‘পিটিআই ১৫০টি জাতীয় পরিষদের আসনে জয়লাভ করছে এবং কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করতে সক্ষম হবে’।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com