মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ও যানজট নিরসনে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ।
নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুই সিএনজি ও এক বাস চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে, ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং যানজট নিরসনে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ-সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। বেশি ভাড়া আদায় ঠেকাতে এবং যানজট নিরসনের জন্য গাড়ির রোড পারমিট, গাড়ির ফিটনেস ও কাগজপত্র ঠিক আছে কি-না এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যারা অতিরিক্ত ভাড়া নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com