পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জন্য তার বাড়িকেই বন্দিশালা হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রেফতারের পর রাজধানী ইসলামাবাদে অবস্থিত ইমরান খানের বাসভবন ‘বানি গালা’কে সাব-জেল ঘোষণা করে এই মূহুর্তে সেখানেই রাখা হয়েছে পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডিকে।
এর আগে বুধবার (৩১ জানুয়ারি) ইমরান খান ও বুশরা বিবিকে তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত।
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে জবাবদিহি আদালতে (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি। পরে সেখানে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) দল তাকে হেফাজতে নেয়। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমরানের বাসভবন বানি গালাকে বুশরা বিবির সাব-জেল হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেন ইসলামাবাদের প্রধান কমিশনার।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এআরওয়াই নিউজ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বানি গালার ভেতরে কারাগারের কর্মীরা অবস্থান করবেন এবং ইসলামাবাদ পুলিশের সদস্যরা ইমরান খানের এই বাসভবনের বাইরে মোতায়েন থাকবেন। সব মিলিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে।
বুধবার (৩১ জানুয়ারি) ইসলামাবাদের জবাবদিহিতা আদালতের (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) বিচারক মুহাম্মদ বশির তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেন। আদালতের রায়ে তাদেরকে ১৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১৫৭.৩ কোটি রুপি জরিমানাও করা হয়েছে। এছাড়াও ইমরানকে ১০ বছরের জন্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন আদালত।
এর আগেরদিনই মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাইফার মামলায় ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একইসঙ্গে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও একই সাজা দেওয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com