খুলনা ব্যুরো :খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে শেখ মো: সাদেকুর রহমান ওরফে বিহারী রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ২৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আহছানউল্লাহ কলেজের সামনে উক্ত হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ সময় পলাশ নামে একজন আহত হয়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা শেখ মো: সাদেকুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা আহছানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে মৃত ঘোষণা করেন । তাঁর পিতা শেখ মোহাম্মদ ইসলাম। তিনি দেবেন বাবু রোড এলাকার বাসিন্দা। রানার পেটের বাম পাশে ও গলার নিচে বাম কানের নিচে মোট তিনটি গুলি লেগেছে।
খুলনা মহানগরীর শের ই বাংলা রোডের বাসিন্দা মহারাজের ছেলে পলাশ (৩৪) । তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর পায়ে একটি গুলি লেগেছে।
খুলনা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি আরও জানান, ঘটনার কারণ ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com