ইয়ামিন হোসেন, ভোলা: সব বাধা বিপত্তি উপেক্ষা করে মানুষ ভোটকেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন, এতে সাধারণ মানুষ খুব খুশি বলে জানিয়েছেন ভোলা সদর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ।
রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘উৎসবমূখর পরিবেশে নির্বাচন হচ্ছে। মানুষ নিরপেক্ষভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। বিএনপি মানুষকে ভোট দিতে না বলছে কিন্তু তাদের কথা কেউ শুনেনি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। গত রাতেও বোমাবাজি করেছে, কেন্দ্রে কেন্দ্রে আগুন দিয়েছে। বিএনপি একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এটি একটি সুন্দর নির্বাচন হচ্ছে, আমরা খুবই খুশি। কোথাও কোনো বাধা নেই। আর এই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com