ভোলা প্রতিনিধি: চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের চাইতে এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। ভোলার ৪টি আসনে চলছে ভোটগ্রহণ। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। ভোটার কেন্দ্রগুলোতে দাঁড়িয়ে আছে পুলিশ-আনসার সদস্যরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে এমন কথা ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা প্রকাশ করলেও তা দেখা যায় নাই। তবে বেলা সাড়ে ১ টা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এরই মধ্যে বেলা ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বয়কটের ঘোষণা করেন ভোলা ০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) জসিম।
লালমোহনের ডাক্তার আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১০ টা পর্যন্ত ১৩৯ ভোট কাষ্ট হয়েছে। সে কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ১৩০ জন।
এছাড়াও একই উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ২১৩ ভোট কাষ্ট হয়েছে। তবে এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৯৩৯ জন বলে তথ্য নিশ্চিতকরেন কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এনামুল হাসান।
জেলার চারটি আসনে ৫২৬ টি ভোট কেন্দ্র রয়েছে। তাঁর মধ্যে ২৬ টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে। এই ২৬ টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার। জেলার চারটি আসনে মোট ৫২৬ টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ভোলা-১ (সদর) আসনে ১১৪টি, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ১৩৮টি, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ১১৯টি ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ১৫৫টি।
এই চার আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ (নৌকা), জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. শাহজাহান মিয়া (লাঙল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. ছিদ্দিকুর রহমান (মশাল)। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৪ হাজার ৮১৪ জন।
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল (নৌকা), জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো.গজনবী (বাইসাইকেল), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. আসাদুজ্জামান (ডাব) ও তরিকত ফেডারেশন প্রার্থী শাহেনশাহ মো. শামসুদ্দিন মিয়া (ফুলের মালা)। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৫ হাজার ৪৪০ জন।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) প্রার্থী মো. কামাল উদ্দিন (লাঙল), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. আলমগীর (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন (ঈগল)। এ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৫৯ হাজার ৮১৭ জন।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা), জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. মিজানুর রহমান (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. আলাউদ্দিন (আম), তৃণমূল বিএনপির প্রার্থী মো. হানিফ (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ (মাথাল)। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৩ হাজার ৬৮১ জন।
ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান আরো জানান, জেলার চারটি আসনে ৫২৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬ টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেখানে অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় দুইজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য রয়েছে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের সংখ্যা তিনজন।
এছাড়া ভোটার যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সে জন্য ৬ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও নৌবাহিনী মাঠে টহল দিচ্ছে। সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও মাঠে আছে। নির্বাচনে জেলায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্টেট।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com