এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের-৯, নান্দাইল উপজেলায় পুরোদমে চলছে নির্বাচনী আমেজ। নৌকা ও ঈগল প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে নান্দাইল উপজেলা। হাট-বাজার ও নির্বাচনী ক্যাম্পে স্ব-স্ব প্রার্থীর সমর্থকদের ভিড়। নির্বাচনী প্রচারণাকে ঘিরে এ শীত মৌসুমের রাতে চা-পানের পাশাপাশি ধুম চলছে বুট-মুড়ি খাওয়ার আয়োজন।
এছাড়া বিভিন্ন দোকানপাট ও চায়ের স্টলে সাধারন মানুষের মুখে নির্বাচনী কথাবার্তা। যোগ্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি আলোচনা-সমালোচনা। কে হবে ৭ই জানুয়ারী নির্বাচনে বিজয়ী প্রার্থী? সময় যত গড়াচ্ছে, নির্বচন ততই এগুচ্ছে। সেই সাথে বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যাস্থতা। নিজ নিজ প্রতীকের নেতাকর্মীরাও বসে নেই। তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে রাতদিন ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন তারা।
এবারের নির্বাচনে নান্দাইল আসনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ তুঙ্গে। পাশাপাশি নীরব প্রচারনায় রয়েছে জাতীয় পার্টির লাঙ্গল ও তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ।
আসনটিতে নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন সাবেক দুই বারের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি। তিনি ১৯৯৬ ও ২০০৮ সনে নৌকা প্রতীকে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন তাঁর সাথে ভোটের মাঠে রয়েছেন। তারা নৌকা মার্কায় বিজয়ী হবেন বলে আশাবাদী।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীক নিয়ে জনসমর্থনে মাঠে রয়েছেন দুইবারের সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। আওয়ামীলীগ সরকারের ১০ বছর ক্ষমতা আমলে তিনি নান্দাইল পৌর সদর সহ ১৩টি ইউনিয়নের উন্নয়ন ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবান্ধব এমপি হিসাবে বিজয়ী হতে চান। এর পূর্বে ২০১৪ সনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন এবং ২০১৮ সনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁরপরেও ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে ভোটের মাঠে প্রচারনায় রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ বর্তমান এমপির পক্ষের নেতাকর্মীরা।নএছাড়া বিএনপি নির্বাচনে না আসায় নান্দাইল আসনে ভোটের মাঠে ঈগল প্রতীকের বিজয়ী হওয়ার আশাবাদী ঈগল প্রতীকের সমর্থকরা।
এদিকে নির্বাচনী প্রচারণার মাঠে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে প্রথমে কিছুটা সহিংসতা লক্ষ্য করা গেলেও বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অপরদিকে নির্বাচনী প্রচারণায় কিছুটা নীরব ভূমিকায় রয়েছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য হাসমত মাহমুদ তারিক ও তৃণমুল বিএনপির সোনালী আশঁ প্রতীকের প্রার্থী আবু জুনাঈদ বিল্লাল। তাঁরা পোস্টারে থাকলেও গণসংযোগে তেমন বেশি তাদেরকে মাঠে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, এ আসনে জাসদ মনোনীত প্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন ইতিমধ্যে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন। গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলা জাসদ অফিসে ১৪ দলের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। জেলা জাসদ সভাপতি ও জাসদ মনোনীত প্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন মুক্তিযুদ্ধের স্বপক্ষে সমর্থন দিয়ে তাহার প্রার্থীতা প্রত্যাহার করেন বলে জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com