দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, গত তিনবার মনোনয়ন দিয়ে শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। এবারও দল আমাকে মনোনয়ন দিলে জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পাব।
তিনি বলেন, সারা বছর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততার মধ্যেও আমি নির্বাচনী এলাকায় প্রতি সপ্তাহে গিয়েছি। দলের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিলে আশা করি দল মত নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে।
এর আগে, গত শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন শেখ হাসিনা। এরপর বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে ৫ কোটি ৩২ লাখ টাকা আয় করেছে দলটি।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।
সশরীরে মনোনয়ন পেতে আগ্রহীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ যেতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জমা নেওয়া হবে সব বিভাগের মনোনয়ন ফরম।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এ ছাড়া অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App এবং nomination.albd.org ওয়েবসাইট থেকেও ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com