এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওই ইউনিয়নের পুলঘাট বাজারে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের দাবি, পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনাটি ঘটিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, সোমবার আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ করার লক্ষ্যে সদর ইউনিয়নের দলীয় অফিসে রাতে প্রস্তুতি সভা করছিল নেতাকর্মীরা। এমন সময় বিএনপির ৫০-৬০জন দুষ্কৃতকারী এসে অফিসের সামনে একেএকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ২০-২৫ জন অফিসের ভেতরে ঢুকে ভাংচুর করে চেয়ার-টেবিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপির দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। আওয়ামী লীগ অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে। অফিসের কাছেই তিনটি ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছি। অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com