মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সরকার তলে তলে ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোর পথ খুঁজছেন। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা নিজেদের সম্পদ রক্ষা করার জন্য বিভিন্ন জায়গার দেন-দরবার করছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নয়, তিনি সারা বাংলাদেশের মানুষের সম্পদ। তাঁর চিকিৎসা কোন মানবিক বিষয় নয়, কোন রাজনৈতিক বিষয় নয়, তাঁর চিকিৎসা সভ্যতা ও ভদ্রতার ব্যাপার।
শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় থেকে ২টা পর্যন্ত কেডি রেঘাষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে অনশন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অতুলনীয়। তিনি কেবল সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিণী। আজ তার জীবন সঙ্কটাপন্ন অবস্থায়। কিন্তু সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনশনে কর্মসুচিতে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় অনশন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স.ম আ রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা প্রমুখ।
বেলা ২টায় বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এড. স ম বাবর আলী অনশনরত বিএনপি নেতাকর্মীদেও ফলের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com