আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলেও এ আইনের অধীনে দায়ের করা মামলাগুলো বাতিলের সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গণফোরামের সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৭ রহিত করে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ করা হয়েছে। আইনের বিধান হলো- যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শান্তি, সেই শাস্তি অপরাধীকে আদালত প্রদান করবেন।
তিনি বলেন, সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে বিধান রয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে- অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল এমন আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। অপরাধ-সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যায় তাকে সেই দণ্ডের অধিক ভিন্ন দণ্ড দেওয়া যাবে না।
আইনমন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তা আইনে রহিতকরণ ও হেফাজতসংক্রান্ত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে- ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়েরকৃত অভিযোগ ও তদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম এমনভাবে চলমান থাকবে যেন তা সাইবার নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত। ফলে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়েরকৃত মামলা বাতিল করার সুযোগ নেই এবং এ সংক্রান্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।
এর আগে, বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৭ রহিত করে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ পাস করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com