আগামী শনিবার ভারতের বিপক্ষে এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগে ২৩৮ রানের বড় জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো তারা। নেপালকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বললেন, ভারত ম্যাচের জন্য প্রস্তুত তারা।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ১৫১ রান করে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর। এছাড়া ইফতিখার আহমেদের অপরাজিত ১০৯ রানের সৌজন্যে পাকিস্তান ৩৪২ রানের পাহাড় গড়ে। এরপর ১০৪ রানে নেপালকে গুঁড়িয়ে দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ জয় পায় পাকিস্তান।
সবচেয়ে কম সময়ে ১৯তম ওয়ানডে সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার জেতেন বাবর। ম্যাচ শেষে তিনি জানান, পাল্লেকেলেতে ভারতের মুখোমুখি হওয়ার আগে নেপাল ম্যাচে ভালো প্রস্তুতি হয়েছে। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘ভারত ম্যাচের জন্য এই ম্যাচ ছিল ভালো প্রস্তুতি। কারণ এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।’
ভারতের বিপক্ষেও একই মানসিকতা নিয়ে খেলবে দল, আশা বাবরের, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা প্রতি ম্যাচে একশভাগ দিতে চাই, আশা করি সামনের ম্যাচেও সেটা বজায় থাকবে।’
দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমি যখন ক্রিজে নামলাম, তখন বল ঠিকভাবে আসছিল না। আমি রিজওয়ানের সঙ্গে ইনিংস গড়ার চেষ্টা করেছিলাম। ইফতিখারও আসার পর দারুণ ইনিংস খেললো। সে আসার পর আমি তাকে সহজাত খেলা খেলতে বলেছিলাম এবং দুই-তিনটি বাউন্ডারির পর সে স্বাচ্ছন্দ্যে খেললো।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com