রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যাওয়া থেকে এক শিশুকে বাঁচাতে প্রাণ দিয়েছে অপর শিশু। এঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে উক্ত গ্রামের রিপন মিয়ার কন্যা রোকসানা (০৮) ও প্রতিবেশী শহীদুল ইসলামের নাতনী সোহানা (০৭) পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। রোকসানা অল্প অল্প সাঁতার জানলেও সোহানা সাঁতার জানতো না। গোসল করার সময় আকস্মিক সোহানাকে ডুবে যাওয়া দেখে রোকসানা তাকে উদ্ধারের চেষ্টা করে।
এসময় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। মৃত শিশু দুটি’র মধ্যে সোহানা উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের বাসিন্দা ছোলায়মান আলীর কন্যা। কয়েকদিন পূর্বে সে তার নানা শহীদুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা যায়।
চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একই সঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com