বৃষ্টিপাতের মধ্যেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ দশে অবস্থান করছে রাজধানী ঢাকা। ৯৮ স্কোর নিয়ে ঢাকার অবস্থান শীর্ষ নয় নম্বরে। তবে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৯৩।
সোমবার সকাল ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এই তথ্য জানিয়েছে।
আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের দ্বিতীয় অবস্থানে ১৬০ স্কোর নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পর শীর্ষ তিনে ১৫২ স্কোর নিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এছাড়া ১৪৬ স্কোর নিয়ে শীর্ষ চারে কাতারের দোহার পর পাঁচ নম্বরে ১৩৯ স্কোর নিয়ে অবস্থান করছে ব্রাজিলের সাও পাওলো। শীর্ষ ছয়ে ১১০ স্কোর নিয়ে আছে পাকিস্তানের করাচি। পাশাপাশি ১০৭ স্কোর নিয়ে শীর্ষ সাত নম্বরে সৌদি আরবের রিয়াদের পর আট নম্বরে ১০৬ স্কোর নিয়ে আছে পাকিস্তানের লাহোর। শীর্ষ ১০ এ ৯৫ স্কোর নিয়ে আছে চিলির সান্তিয়াগো।
প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। সেই সঙ্গে তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com