শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা এলাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র কাউছার আহমেদ (৮) কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার আরেক ছাত্র আব্দুর রহমান সাবির(১৩) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা বেলতা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে কাউছার আহমেদ শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার মক্তব শাখায় ছাত্র।
মাদ্রাসায় খেলাধুলা কে কেন্দ্র করে আরেক ছাত্র একই ইউনিয়নের কানাইকন্দর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান সাবিরের সাথে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গত ২ আগস্ট বুধবার সকালে কাউছার আহমেদের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মাদ্রাসার বাথরুমে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের পিতা ফরিদুল ইসলাম বাদি হয়ে আব্দুর রহমান সাবিরের বিরুদ্ধে ওইদিন রাতেই শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com