শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুরে মাদ্রাসার টয়লেট থেকে কাউছার আহমেদ (৮) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেরুয়া বটতলা এলাকার তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার টয়লেট থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা বেলতা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। তবে মরদেহটি ময়নাতদন্তের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি বাবু কুমার সাহা।
জানা যায়, মৃত কাউছার আহমেদ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসায় মক্তব শাখায় লেখাপড়া করতো। প্রতিদিনের ন্যায় ২ আগস্ট বুধবার ফজর নামাজ শেষে সকল ছাত্রদের নিয়ে শিক্ষকরা পড়াতে শুরু করে। সকাল ৭ টা পর্যন্ত সকালের নাস্তার বিরতি দেয়। সাড়ে ৭ টার দিকে আবার পড়া শুরু হলে একই মাদ্রাসার হেফজ শাখার ছাত্র ফজলুল করিম সিয়াম প্রকৃতির ডাকে সারা দিতে ওই মাদ্রাসার বাথরুমে(টয়লেট) যায়। এসময় বাথরুমে কাউছার আহমেদ নামের এক ছাত্রের নাক দিয়ে রক্ত বের হতে দেখে মাদ্রাসার হুজুরদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবু কুমার সাহা বলেন, মরদেহের শরীরে প্রাথমিকভাবে আঘাতে চিহ্ন দেখা যায়, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বিস্তারিত জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com