ফিফা নারী বিশ্বকাপের নবম আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে মরক্কো। আর অভিষেক বিশ্বকাপ খেলতে নেমেই ইতিহাস গড়েছে আফ্রিকান নারী দলটি। ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মরক্কোর মেয়েরা।
রোববার (৩০ জুলাই) এডিলেডে অনুষ্ঠিত ম্যাচে হিজাব পড়ে মাঠে নেমেই বিশ্বকাপে প্রথম কোন নারী হিসেবে অংশগ্রহনের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছেন ডিফেন্ডার দেশটির নুহাইল বেনজিনা। এরপর ষষ্ঠ মিনিটে হানানে আইত এল হাজের ক্রসের বল এগিয়ে গিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান মরক্কান ফরোয়ার্ড জরাইদি।
ফিফা বিশ্ব র্যাংকিংয়ে মরক্কোর অবস্থান ৭২তম, আর ১৭তম র্যাংকিংয়ে কোরিয়ানরা। যদিও ময়দানি লড়াইয়ে তুলনামুলকভাবে এগিয়ে ছিল মরক্কান নারীরাই। সেই সঙ্গে শুরুতে গোল করেই ম্যাচের লিড নিয়ে নেয় তারা। শেষদিকে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে আক্রমণভাগের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে মাঠে নেমে অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল মরক্কোর মেয়েরা। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্ব আসরে আজকের এই জয়টি শেষ ষোলতে যাবার পথটিও উন্মুক্ত করে দিয়েছে মরক্কান নারীদের।
অন্যদিকে আরো একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় কোরিয়ান নারীরা। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com