আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল আজকে কী বলেছেন? পদযাত্রার জয়যাত্রা, বিজয় যাত্রা। আসলে পদযাত্রা, পরাজয় যাত্রা আর পতন যাত্রা শুরু হয়ে গেছে।
মঙ্গলবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তাদের (ইইউ ও যুক্তরাষ্ট্র) কাছে দাবি করে কে? বিএনপি। কী পেয়েছেন? একটা হাঁসের ডিম, ঘোড়ার ডিম। আমেরিকা দিয়ে গেল ঘোড়ার ডিম।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই উঠে না। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই না। বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না। সংবিধানে যা আছে, সে অনুযায়ী সব করবো। এর বাইরে আমরা একচুলও নড়বো না। মারামারি হুমকিতেও কাজ হবে না। আওয়ামী লীগ কারো কাছে মাথানত করবে না।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com