মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রেম করে অন্তঃসত্ত্বা হওয়ার পর গোপনে গর্ভপাত করাতে এসে মৃত্যুই হলো শেষ ঠিকানা - রোকসানার! ঘটনাটি টাঙ্গাইলের মধুপুরে, প্রেমে অন্তঃসত্ত্বা হয়ে অবশেষে প্রাণটাই দিতে হলো রোকসানা (১৯) নামে এক কলেজছাত্রীর। বিয়ে হয়নি কিন্তু প্রেম চলছিল এরমধ্যেই সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ঘটে বিপত্তি। লোকলজ্জার ভয়ে গোপনে গর্ভপাতের সিদ্ধান্ত নেয়, গর্ভপাত করাতে এসে নবজাতকসহ মারা যান রোকসানা। গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল। হাসপাতালে পাঠায় পুলিশ।
জানা যায়, টাঙ্গাইলের মধুপুরে পল্লী চিকিৎসককে দিয়ে গর্ভপাত করাতে গিয়ে ওই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত রোকসানা জামালপুর সদর উপজেলার গান্দাইল গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। চলতি বছর তিনি এইচএসসি পাশ করেন। এ ঘটনায় জড়িত দুইজন পল্লী চিকিৎসকসহ তিনজনকে আটক করে চালান করা হয়েছে। আটককৃতরা হলেন- পল্লী চিকিৎসক ফাতেমা বেগম ও ছালেহা বেগম এবং অ্যাম্বুলেন্সের চালক সাগর মিয়া।
নিহত ওই কলেজছাত্রীর বোন জামাই জানান, গত রোববার বিকেলে তার ছোট বোনকে নিয়ে জামালপুরের দিগপাইত বাজারে আসেন। ঐ কলেজছাত্রী সেখান থেকে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বোনকে বাড়ি পাঠিয়ে দেন। গত সোমবার সকালে টাঙ্গাইল পুলিশের পক্ষ থেকে জানানো হয় রোকসানা মারা গেছে। তার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত রোকসানার মা ফাতেমা বেগম জানান, আমার মেয়ের বিয়ে হয়নি। অথচ সে প্রেম করে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়। পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। গত রোববার মার্কেটিংয়ে চাকরির কথা বলে বাসা থেকে বেড়িয়ে যায়। পরে পুলিশ জানায়, আমার মেয়ে মারা গেছে। যারা আমার মেয়ের এই সর্বনাশ করেছে আমি তাদের বিচার চাই এবং উপযুক্ত শাস্তি চাই।
মধুপুর থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, কলেজছাত্রী রোকসানার সঙ্গে কোন এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন। সাত মাসের গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য মধুপুরের জামালপুর রোডে হাসপাতালের পশ্চিমে এক পল্লী চিকিৎসকের চেম্বারে যোগাযোগ করেন তিনি। সেখানে গত রোববার রাতে গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থার অবনতি হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ও তার সহযোগীরা কলেজছাত্রীর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়। পুলিশ পরে অনুসন্ধান চালিয়ে অবৈধ গর্ভপাতে জড়িত পল্লী চিকিৎসক ফাতেমা বেগম ও ছালেহা বেগম এবং অ্যাম্বুলেন্স চালক সাগর মিয়াকে আটক করেছে।
মধুপুর থানার উপ-পরিদর্শক আরও জানান, এই ঘটনায় মধুপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে কলেজছাত্রীর সঙ্গে আসা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম হাবিবুলাহ বাহার বলেন, অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে লাশ নেয়া হয়। পরে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com