দ্রুত ফুরিয়ে আসছে সময় আর অক্সিজেন। এই অবস্থায় টাইটান সাবমার্সিবলের (ডুবোযান) সন্ধান পেলেও তার কাছে পৌঁছতে লেগে যাবে আরও কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গভীর সমুদ্র অভিযাত্রী ডেভিড গ্যালো বলেন, ডুবোযানে আটকে পড়াদের উদ্ধার করতে একটি অলৌকিক ঘটনার প্রয়োজন। পানির নিচ থেকে আসা শব্দগুলো বিশ্বাসযোগ্য। আমাদের ধরে নিতে হবে যে শব্দ সেই ডুবোযান থেকেই আসছে। উদ্ধারকারীদের তাই দ্রুত ওই স্থানে যেতে হবে এবং শনাক্ত করতে হবে।
এদিকে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান আরও প্রসারিত হয়েছে। অনুসন্ধানের কাজে যোগ দিয়েছে বিমান, জাহাজ ও দূরবর্তী সমুদ্রে চালিত যানগুলো। প্রায় ১০ হাজার বর্গমাইল সমুদ্রজুড়ে খোঁজা হচ্ছে ডুবোযানটিকে। ধারণা করা হচ্ছে, আজই নিখোঁজ সেই ডুবোযানের মজুদ অক্সিজেন শেষ হয়ে যাবে। অবশ্য পূর্ববর্তী অনুমানের ওপর ভিত্তি করে ১০ ঘণ্টারও কম অক্সিজেন অবশিষ্ট ছিল বলে ধারণা করা হয়েছিল।
এর আগে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী এক টুইটে জানায়, মঙ্গলবার রাতে পানির নিচে শব্দ শোনা যায়। কানাডার একটি পি-৩ বিমান সাগরের পানিতে বিশেষ যন্ত্র নিক্ষেপ করে ওই শব্দ শনাক্ত করে। সিএনএন ও রোলিং স্টোন সাময়িকী পৃথকভাবে জানায়, কয়েক ঘণ্টা ধরে আধা ঘণ্টা পর পর শব্দটি শোনা যায়। সাধারণত এভাবে বিপৎসংকেত দেওয়া হয়।
মার্কিন কোস্ট গার্ড বাহিনীর কমান্ডার বলেছেন, ডুবোযানের ভেতরের অক্সিজেন ঠিক কখন শেষ হবে তা নির্ভর করবে কতটা অক্সিজেন ব্যবহৃত হচ্ছে তার ওপর। টাইটানের কোনো পাইপে যেকোনো মুহূর্তে ফাটল ধরে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com