মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রচার শেষ হয়েছে শনিবার মধ্যরাতে। ভোটগ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী নানা সরঞ্জাম। ভোটগ্রহণ ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কড়া নিরাপত্তায় কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
রোববার (১১ জুন) বেলা ১১টা থেকে খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডং অফিসার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। সিটি নির্বাচনে এ বছর ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৮। নগরীর ৩১ ওয়ার্ডের ২৮৯টি ভোট কেন্দ্রে কাল ভোটগ্রহণ হবে। কার্যক্রম সহজ করতে এসব কেন্দ্রে ১ হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হচ্ছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে ২৮৯ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ হাজার ৪৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এদিকে, কেসিসি নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো খুলনা নগরীকে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। খুলনা মহানগর এখন পোস্টার আর নিরাত্তার বাহিনীর চাদরে ঢাকা। নির্বাচন উপলক্ষে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা চারদিন দায়িত্ব পালন করবেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, এবার নির্বাচনে ভোটকেন্দ্রসহ নগরীর সার্বিক নিরাপত্তায় বিজিবি, পুলিশ, আনসার, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট প্রায় সাত হাজার পাঁচশ সদস্য দায়িত্ব পালন করবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com