মনির হোসেন জীবন:রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকায় পৃথক দু'টি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা সিফাতসহ ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন- এ চক্রের মূলহোতা মোঃ আবু সাঈদ সিফাত (১৭), মোঃ শাহারিয়ার হোসেন সামির (১৭), মোঃ সোহান (১৯), তানভীর হোসেন সিপন (১৭) ও মোঃ মাহাফুজ (১৬)।
অভিযানকালে তাদের নিকট থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্বার করে এলিট ফোর্স র্যাব।
আজ রোববার সকালে র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শনিবার রাত ৭ টার দিকে বাড্ডা ও বংশাল থানা এলাকায় পৃথক দু'টি অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতা সিফাতসহ ৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
ফারজানা হক জানান, আটককৃতরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এদের মধ্যে আবু সাঈদ সিফাত এবং শাহারিয়ার হোসেন সামির এ চক্রের মূলহোতা। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে এই মোটরসাইকেল গুলো রাজধানী বাড্ডা ও বংশাল থানা এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের এবং আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com