মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুরে ফেক ফেইস বুক আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলে যুবকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে এক তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ফেক ফেইস বুক আইডি খুলে যুবকদের সাথে প্রেম ও প্রেমের অভিনয় করতো কলেজ শিক্ষার্থী সুন্দরী তরুণী সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯)। অত:পর তরুনদেরকে বাসায় ডেকে এনে তাদেরকে নগ্ন করে ভিডিও করত দুই বান্ধবী এবং তাদের সহযোগীরা।
রোববার দিনগত রাতে ডিএমপি মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার ডিএমপি মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এ সব তথ্য জানান।
ওসি মোহাম্মদ মহসীন জানান, এঘটনায় এক কলেজ শিক্ষার্থী সহ তিনজনকে পুলিশ আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন - সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিশ উদ্দিন মুন (২২) এবং খন্দকার শাওন (২৮)। এছাড়া এই ঘটনায় মোসা. তন্নী আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত মারিয়া কলেজ শিক্ষার্থী। সে রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। এ চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে। এরপর টার্গেট অনুযায়ী সেই ছেলেদের মিরপুর বাসায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী বাসায় ঢোকামাত্র মারধর করে নগ্ন করে ভিডিও ধারণ করত তারা। এ কাজে এ দুই বান্ধবীকে সহায়তা করত তাদের বন্ধু শাওন ও মুন। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো তারা।
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, আগে একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে তার কাছ থেকে ৮৫ হাজার টাকা আদায় করে তারা। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা।
এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com