রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস।
আজ রোববার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই আদেশ দেন। এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শামসুজ্জামান। এরপরে শুনানি শেষে বিচারক আগামী ধার্য তারিখ পর্যন্ত এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে রমনা থানার মামলায় সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিন দেন সিএমএম আদালত। সেই মামলায় জামিনে রয়েছেন ও আসামির বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ একই। সে কারণ দেখিয়ে আদালতে জামিনের আবেদন করা হয়েছে ও শুনানিতে একই কথা বলা হয়েছে। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ করেন বাদী। এরপরে শামসুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৩০ মার্চ জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তিনি ৩ এপ্রিল জামিন পান। এর আগের দিন ২ এপ্রিল মতিউর রহমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com