এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃময়মনসিংহের নান্দাইলের সোনালী ব্যাংক শাখার এক নারী গ্রাহকের উত্তোলনকৃত এক লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। চুরির ঘটনার স্বীকার হওয়া গ্রাহক উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামের আমেনা খাতুন, তিনি একই গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী।
জানাগেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরে এই ঘটনা ঘটে। আমেনার মা রোকেয়া আক্তার জানান, তার মেয়ে আমেনা এক লাখ টাকা উক্ত ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি ফিরছেলেন। নান্দাইল মডেল থানার সামনে এসে দেখতে পান তার ভ্যানেটি ব্যাগের চেইন খোলা। এ সময় ব্যাগের ভেতরে হাত দিয়ে দেখেন টাকার বান্ডিল নেই। ধারণা করা হচ্ছে, ব্যাংক থেকে বের হওয়ার সময় চোর চক্র তার ভ্যানিটি ব্যাগ থেকে এক লাখ টাকার বান্ডিলটি চুরি করে নিয়ে গেছেন।
এ বিষয়ে ওই ব্যাংক শাখার ম্যানেজার জহিরুল হক বলেন, ওই মহিলা টাকা হারিয়ে ব্যাংকে এসে কান্না করছিলেন। পরে স্টাফদের কাছে থেকে জানতে পারি তার এক লাখ টাকা চুরি হয়ে গেছে। বিষয়টি খুব দুঃখজনক।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com