দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী ৩ দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সময় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানানো হয়।
রোববার সকাল থেকে ঢাকায় দক্ষিণপশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৯১ শতাংশ।
পঞ্চগড়ের তেঁতুলিায় রোববার দেশের সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজারের টেকনাফে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতা রেকর্ড করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com