লাহোরে ১৪৪ ধারা জারির পর নির্বাচন সম্পর্কিত সমাবেশ স্থগিত করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এর আগে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকার প্রদেশের রাজধানীতে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বেশ কিছু টুইট করেছেন ইমরান খান। তিনি বলেন, শুধু পিটিআইয়ের নির্বাচনী ক্যাম্পেইন বন্ধ করতেই ফের অবৈধভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কারণ লাহোরে অন্য সব কার্যক্রম চলমান।
ইমরান খান বলেন, ব্যাপক পুুলিশ ও অন্য বাহিনী দিয়ে শুধু জামান পার্ক ঘেরাও করে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে আরও মামলা দায়ের করার জন্য সরকারি দল সংঘর্ষ চায়।
নির্বাচনী সূচি ঘোষণার পরেও কীভাবে প্রদেশের রাজধানীতে জরুরি অবস্থা জারি করা যায়, সে প্রশ্নও করেন তিনি।
পিটিআই প্রধান কর্মীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে আগামীকাল পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করেন।
সম্প্রতি পাকিস্তানের লাহোরে পুলিশি অভিযানে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইর এক কর্মী নিহত হন। বুধবার (৮ মার্চ) পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশ চলাকালে ওই অভিযান চালায় পাঞ্জাব পুলিশ।
নিহত পিটিআই কর্মীর নাম আলি বিলাল। তিনি লাহোরের জাহাঙ্গির টাউনের অধিবাসী। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, পুলিশের প্রচণ্ড লাঠিচার্জে আহত হন যুবক আলি বিলাল। একপর্যায়ে তার মৃত্যু হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com