মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি:পার্বতীপুর বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ৬ষ্ঠ আসরের ফাইনাল খেলায় ফুটবল একাডেমী সৈয়দপুর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ নিয়ে তারা ৪র্থ বারের মত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো। ফাইনাল খেলায় তারা ফুটবল একাডেমী পঞ্চগড় (বোদা) দলকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। প্রথমার্ধে শিপন এর গোলে এগিয়ে যায় সৈয়দপুর। দ্বিতীয়ার্ধের খেলা শেষের অতিরিক্ত সময়ের ১০ সেকেন্ড বাকী থাকতে পঞ্চগড়ের রবীনের গোলে খেলায় সমতা ফেরালে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচটি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকালে বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও রুকশানা বারী রুকু, ১ নং বেলাইচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবীদ নূর মোহাম্মদ রাজা, পৌর আওয়ামীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, বেলাইচন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফজির উদ্দীন প্রামানিক, সাধারন সম্পাদক ছাদেকুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. প্রিয়ব্রত কর্মকার, উন্মুক্ত মাঠের জমিদাতা সদস্যবৃন্দ, সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খেলায় প্রায় ৮-১০ হাজার দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায় এবং খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের কীর্তি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন- রাজধানী ঢাকার ফিফা রেফারী বিটুরাজ, তার সহকারী দু'জন ছিলেন, রংপুরের সাইদুজ্জামান বাবু ও কুড়িগ্রামের মাইকেল, ৪র্থ রেফারী ছিলেন- আলমগীর। উল্লেখ্য নকআউট ভিত্তিক ৮ দলের এই টুর্নামেন্টটিতে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৈয়দপুর দলের ফিজার এবং একই দলের শিপন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ ও রানার-আপ দলকে ৬০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করে টুর্নামেন্টের আয়োজক কমিটি। সবগুলো পুরস্কারই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com