শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৩’ এর আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার ও নদীতে বাঁধ স্থাপনের অপরাধে ৩ জেলেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত রোববার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পদ্মা নদীর শ্রীনগর অংশে বাঘড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মালিকাবহীন জাল ও মাছ জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামের স্বপন বেপারী (৫২), পশ্চিম বাঘড়ার সনজিত মালো (৫২) ও মধ্য বাঘড়ার সুকুমার রাজবংশীকে (৪০) অবৈধভাবে ভেসাল ও বাঁধ স্থাপনের অপরাধে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক মোবাইল কোর্ট বসিয়ে আটককৃত জেলের প্রত্যেকের কাছ থেকে জরিমানার ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা আদায় করেন।
তিনি বলেন, জব্দকৃত ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত ২০ কেজি মাছ সরকারি শিশু পরিবার ও স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এ সময় বাঘড়া ফাড়ির পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com