মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃখুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় পুলিশ পরিচয়ে এক দম্পতিকে তুলে নিয়ে স্বামীর চোখ বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল, রাসেল, আজিজুর রহমান মিঠু ও দিঘলিয়া একালার জিহাদ মুন্সি । এদের মধ্যে আজিজুর ও বেলাল ইজিবাইক চালক, জিহাদ মুন্সি বেকারী শ্রমিক ও মোঃ রাসেল স্থানীয় একটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র বলে র্যাব জানায়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব ৬ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ জানান, গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আড়ংঘাটা এলাকায় ভুক্তভোগী স্বামী-স্ত্রী ঘুরতে বের হন। ঘোরাফেরা শেষে রাত সাড়ে ৮টার দিকে আড়ংঘাটা বাজারে যাওয়ার পথে ৪ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে তারা ভয়ভীতি দিয়ে ভুক্তভোগীর স্বামীকে একটি স্থানে আটকে রাখে এবং তার স্ত্রীকে নিয়ে রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ৪ ব্যক্তি পর্যায়ক্রমে ধর্ষণ করে। এসময় আসামিরা মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনাটি কোথাও জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে গভীর রাতে ভুক্তভোগীকে ছেড়ে দেয়। ভুক্তভোগী ওই নারী বিষয়টি তার স্বামীকে জানায়। পরে ভুক্তভোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়ংঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এই ঘটনা জানতে পেরে অভিযানে নামে র্যাব। তথ্যপ্রযুক্তি ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইলে ধর্ষণের ভিডিও ক্লিপও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃ আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com