রাজশাহীতে বিএনপির গণসমাবেশের জন্য ১ ডিসেম্বর থেকে মাদ্রাসা মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন নিশ্চিত করেন।
মামুনুর রশিদ বলেন, জেলা প্রশাসন থেকে তাদের জানানো হয়েছে ১ ডিসেম্বর থেকে তারা গণসমাবেশের জন্য মাদ্রাসা মাঠ ব্যবহার করতে পারবে। এর আগে ওই মাঠ বা তার আশপাশের এলাকায় কোন কার্যক্রম চালানো যাবে না।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয়ে এখনও পরীক্ষা চলছে। ওই বিদ্যালয়ের সভাপতি হিসাবে পরীক্ষা চলাকালে তিনি ওই মাঠ ব্যবহারের অনুমতি দিতে পারেন না। পরীক্ষা শেষ হলে ১ ডিসেম্বর থেকে অনুমতি দেয়া হয়েছে। তাছাড়া বিএনপি শুধু ৩ ডিসেম্বর মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছে।
এদিকে, সমাবেশের আগেই দূর থেকে আসা নেতাকর্মীদের বিশ্রাম ও রাত যাপনের জন্য মাঠের পাশে একটি জায়গায় গত সোমবার থেকে প্যান্ডেল তৈরি করা হচ্ছিল। মঙ্গলবার পুলিশ তা ভেঙে দিয়েছে।
বিএনপির গণসমাবেশের জন্য চাওয়া মাঠের পাশে নির্মাণাধীন এই প্যান্ডেলে চার-পাঁচ হাজার নেতা-কর্মীর থাকার ব্যবস্থা করা হচ্ছিল।
প্যান্ডেল তৈরির কাজে নিয়োজিত ডেকোরেটর ব্যবসায়ী আবদুস সালাম বলেন, তাকে এই প্যান্ডেল করার জন্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেনের ব্যক্তিগত সহকারী বিপ্লব দায়িত্ব দিয়েছিলেন।
সোমবার সারাদিন ওই জায়গায় মাটি ফেলে বাঁশ বাঁধার কাজ চলছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্যান্ডেলের বাঁশ খুলে ফেলার নির্দেশ দেন ওসি।
রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “বিএনপি যে মাঠের অনুমতি নিয়েছে, তাদের যা করার সেখানেই করতে হবে। অনুমোদিত জায়গার বাইরে তারা কিছু করতে পারবে না।”
মহানগর পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, মাঠ ব্যবহারের অনুমতি দিবে জেলা প্রশাসক। আর পুলিশ অনুমতি দিবে সমাবেশ ও মাইক ব্যবহারের। আমরা এখনও অনুমতি দেয়নি। সেটি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বিএনপি নেতা মামুনুর রশিদ জানান, গত অক্টোবর মাসের মাঝামাঝি বিএনপির পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় গণসমাবেশের জন্য মাঠ চেয়ে আবেদন করা হয়। মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসক ১ ডিসেম্বর থেকে মাঠ ব্যবহার অনুমতি দেন। তবে সমাবেশ ও মাইক ব্যবহারের জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের অনুমতি এখনও মেলেনি। তবে আশ্বাস পেয়েছি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com